গ্রাহকদের সিম পুনর্নিবন্ধনে আগ্রহী করতে মোবাইল ফোন অপারেটর রবি ও বাংলালিংক ১০ লাখ টাকার অফার ঘোষণা দিয়েছে। এছাড়া ফ্রি স্মার্টফোন, দেশের বাইরে ঘুড়তে যাওয়ার সুযোগ আর আগে থেকেই চলছে ফ্রি ডাটা আর ভয়েস মিনিটের অফার।
১৭ মে থেকে বাংলালিংক চালু করেছে কোটি টাকার অফার। এই অফারে রয়েছে ৩১ মের মধ্যে সিম বায়োমেট্রিক রি-ভেরিফিকেশন করলে সবার জন্য নিশ্চিত উপহার। এছাড়া নগদ ১০ লাখ টাকা পর্যন্ত জেতার সুযোগ পাবেন একজন গ্রাহক। অফারটি পেতে রি-ভেরিফিকেশন করার পর ‘R’ লিখে SMS করতে হবে 2020 নম্বরে। বাংলালিংক কতৃপক্ষ জানিয়েছে, শেষ দুই সপ্তাহে তারা সব মিলে এক কোটি টাকার বেশি উপহার গ্রাহকদের দেবেন। এ জন্যেই তারা এটিকে কোটি টাকার উপহার বলে ঘোষণা করছেন। আগে থেকেই অপারেটরটি পুনর্নিবন্ধন করে মালয়েশিয়া বেড়াতে যাওয়ার অফার রেখেছিল।
এদিকে অপর অপারেটর রবি বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে ১০ লাখ টাকার মেগা পুরষ্কার ঘোষণা করেছে। এই ক্যাম্পেইন শেষে একজন গ্রাহক এই পুরষ্কার পাবেন। এছাড়া ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন একজন গ্রাহক এক লাখ টাকা করে নগদ পুরষ্কার পাবেন। যা চলবে ৩১ মে পর্যন্ত। আর প্রতি ঘণ্টায় (সকাল ১০টা থেতে রাত ৮টা) একজন গ্রাহক পাবেন ১০ হাজার টাকা পুরষ্কার। এর বাইরে আছে ডাটা পুরস্কারও। গ্রামীণফোন সিম বায়োমেট্রিক নিবন্ধনে প্রতি ২০ মিনিটে একটি হ্যান্ডসেট দেয়ার ঘোষণা দিয়েছে। হ্যান্ডসেট জেতার পাশাপাশি অপারেটরটির গ্রাহকরা বন্ধুদের মোবাইল নম্বর বায়োমেট্রিক নিবন্ধন করালে ২৫০ মেগাবাইট ইন্টারনেট পাবেন বিনামূল্য।
